Coffee Enema: Relief নাকি Risk?

কফি এনিমা ! নামটা শুনলেই মনে হতে পারে এটি বুঝি এক্সপ্রেসো ক্যাপাচিনো এর মতো কোনো এক নতুন ধরনের কফি । কিন্তু আপনি ভুল ভাবছেন। বাস্তবে এটি কোনো পানীয় নয়। কফি এনিমা হলো এমন একটি পদ্ধতি যেখানে কফি ও পানির মিশ্রণ তৈরি করে মলদ্বার দিয়ে কোলনে প্রবেশ করানো হয়। বিকল্প চিকিৎসা পদ্ধতিতে এটি কোলন পরিষ্কার বা।“ডিটক্স”এর জন্য ব্যবহার করা হয় বলে দাবি করা হয়। তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর কার্যকারিতা প্রমাণিত নয়। এমনকি কোনো গবেষণা ও নেই।

 কিন্তু এর উৎপত্তি হলো কিভাবে?

১৯৩০-এর দশকে জার্মান-আমেরিকান চিকিৎসক ডা. ম্যাক্স গারসন ক্যান্সার চিকিৎসার একটি বিকল্প পদ্ধতি হিসেবে কফি এনিমা ব্যবহারের ধারণা দেন। তাঁর মতে, কফি এনিমা লিভার ও অন্ত্রের ডিটক্সিফিকেশনে সহায়তা করে। ডা. ম্যাক্স গারসন বিশ্বাস করতেন যে কফি এনিমার মাধ্যমে শরীরকে বিষমুক্ত করা যায় এবং এতে শরীর নিজেই নিজেকে সুস্থ করার জন্য প্রয়োজনীয় পুষ্টি পায়। তিনি ত্বকের যক্ষ্মা, ডায়াবেটিস এবং বিশেষ করে ক্যান্সারের মতো মরণব্যাধি রোগের চিকিৎসার জন্য এই কফি এনিমা পদ্ধতিটি তৈরি করেছিলেন। ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে দাবি করা হয় যে কফি এনিমা লিভার ও অন্ত্রকে ডিটক্সিফাই করতে সাহায্য করে।

এটি কি নিরাপদ!?

 শুনতে ভারী চমৎকার লাগলেও প্রশ্ন থাকছে নিরাপত্তা নিয়ে। বৈজ্ঞানিকভাবে এর নিরাপত্তার কোনো প্রমান পাওয়া না গেলেও এর ক্ষতিকর দিক ঠিকই পাওয়া গেছে। ২০২০ সালের এক কেস রিপোর্টের পর্যালোচনায় দেখা গেছে যে, কফি এনিমা এর ফলে পেটে ব্যথা, রক্তাক্ত মল, মলদ্বারে ব্যথা বা জ্বালাপোড়া, প্রোক্টোকোলাইটিস বা মলদ্বারের আস্তরণের প্রদাহ, কোলাইটিস বা কোলনের প্রদাহ ইত্যাদি সমস্যা দেখা যাচ্ছে। এমনকি কফি এনিমার কারণে মৃত্যুর মতো দুঃখজনক ঘটনারও প্রমাণ পাওয়া গেছে। এই সকল মৃত্যুর ঘটনা বিশ্লেষণ করে দেখা গেছে যে মৃত ব্যক্তিদের শরীরে সোডিয়াম ও ক্লোরাইডের ঘাটতি তৈরি হয়েছিল যার ফলে রক্তে বিষক্রিয়া দেখা দেয়। পাশাপাশি তাদের মধ্যে আগে থেকেই দুর্বল লিভার ফাংশন এবং পোর্টাল হাইপারটেনশনও ছিল। কিছু ক্ষেত্রে কফি এনিমা ব্যবহারের ফলে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে, আবার কিছু ক্ষেত্রে মৃত্যুর ঝুঁকিও বেড়ে গেছে। এসব ফলাফল থেকে বোঝা যায় যে কফি এনিমা সাধারণত নিরাপদ নয়।

এতো অপকারিতার পরও কেনো এতো সমর্থক?

কফি এনিমার প্রধান উপকারিতা হলো এটি কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয়। কফি এনিমা সমর্থকরা দাবি করেন যে এই পদ্ধতির অন্যান্য সুবিধাও থাকতে পারে যেমন: লিভার ডিটক্সিফিকেশন ,অন্ত্রের ডিটক্সিফিকেশন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ক্যান্সারের চিকিৎসা ইত্যাদি। তবে এই দাবিগুলোর কোনওটির সমর্থনে এখনও কোন গবেষণা নেই। 

চিকিৎসা শাস্ত্র কি বলে? 

অনেক চিকিৎসক কোলন পরিষ্কার করাকে অপ্রয়োজনীয় বলে মনে করেন কারণ শরীরের পাচনতন্ত্র নিজেই বর্জ্য, বিষাক্ত পদার্থ এবং ব্যাকটেরিয়া দূর করতে সক্ষম।

চলুন জেনে নেওয়া যাক এখন আপনার করণীয় কী? 

আপনি যদি কফি এনিমা নেওয়ার কথা ভাবেন, তাহলে সবার আগে একজন ভালো চিকিৎসকের সঙ্গে কথা বলা খুব জরুরি। তারা এই এনিমার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে আপনাকে বিস্তারিত জানাতে পারবেন এবং এটি আপনার বর্তমান শারীরিক অবস্থার ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারে কি না সেটাও বুঝিয়ে বলবেন। পাশাপাশি, তারা এমন চিকিৎসা বা পদ্ধতির পরামর্শ দিতে পারেন যা আরও নিরাপদ এবং কার্যকর। মনে রাখবেন, আপনার স্বাস্থ্য আপনারই দায়িত্ব।

নিজে সচেতন হই অন্যকে সচেতন করি।

Reference:

1.Definition of coffee enema – NCI Dictionary of Cancer Terms –

https://share.google/OMhBfiKvV0HGe0M3w

2. Coffee Enema: Benefits, Risks, and More:

https://share.google/adebn7X4Imws8fgsO

3.The safety and effectiveness of self-administered coffee enema: A systematic review of case reports – PMC 

https://share.google/iknAjYrwNjvH33HvO