উল্টাপাল্টা ডায়েট নয়- সতর্ক হোন সোশ‍্যাল মিডিয়ার ভাইরাল নিউট্রিশন ট্রেন্ড নিয়ে

ঘটনা ১- “ ইশ! ওজন বেড়ে শরীরের কী হাল হয়েছে, ভূড়িও যেন বের হয়ে গেছে, আয়নায় নিজেকে দেখার পর আর ভালো লাগছে না, কাল থেকেই ব‍্যায়াম আর ডায়েট শুরু করবো” বলার খানিক পরেই সোশ‍্যাল মিডিয়ায় ঢুকে দেখলেন লোভনীয় এক বিজ্ঞাপন- মাত্র ১৫ দিন এই চা কিংবা ঐ পানীয়টি খেলে আপনার দেহের চর্বি গলিয়ে ফেলবে এবং আপনি আপনার কাঙ্ক্ষিত দেহের গঠন পেয়ে যাবেন। তখন কি আর ইচ্ছে করবে ব‍্যায়াম বা ডায়েট ফলো করার? কী দরকার? টাকা দিয়ে পানীয়টি কিনে খেয়ে নিলেই তো হলো।

ঘটনা ২- কোনো লো গ্রেড ফিটনেস গ্রুপে ঢুকে দেখলেন এক ব‍্যক্তি ১০/২০/৩০ কেজি ওভারওয়েট ছিলো, নির্দিষ্ট এক ডায়েট অনুসরণ করে সে তার আদর্শ ওজনে আসতে সক্ষম হয়েছে, কমেন্ট বক্সে গিয়ে দেখেন সবাই হুমড়ি খেয়ে অনুরোধ করছে সেই একই ডায়েট ফলো করবে বলে, সে ব‍্যক্তি যেন তার ডায়েট চার্ট শেয়ার করে। কিছুদিন পর দেখা গেলো কারোর কোনো লাভই হলো না, উল্টো কারো ওজন অস্বাভাবিক ভাবে অনেক বেশি কমে গেছে, কারো অনেক বেড়েছে, কারো ব্লাড প্রেশার বেড়ে মরিমরি অবস্থা, আবার কেউ ব্লাড প্রেশার কমার কারনে বিছানা থেকেই উঠতে পারছে না। আবার কারো কোনো পরিবর্তনই হয় নি, যেমন ছিলো তেমনই আছে।

ঘটনা ৩- একটু বেশি স্মার্টনেস দেখিয়ে কোনো ডায়েটিশিয়ান/নিউট্রিশনিস্টের কাছে না গিয়ে এআই কে দিয়ে ডায়েট চার্ট বানালেন, কিন্তু ঠিকমতো প্রম্পটই দিলেন না। ফলাফল? এই তো সেদিন খবরে বেরিয়ে এলো এক বৃদ্ধ লোক এআই দিয়ে ডায়েট চার্ট বানিয়ে হাসপাতালে ভর্তি। কেন?! কারন এআই যে তাকে খাবারের লবনের(NaCl) বদলে ভুল করে NaBr দিয়ে দিয়েছে, তাই খেয়ে তার নাজেহাল অবস্থা।

প্রিয় পাঠক, খেয়াল করলে দেখবেন আপনার আশেপাশে উপরোক্ত ৩টি ঘটনা প্রতিদিন প্রতিনিয়তই ঘটছে, আপাতদৃষ্টিতে স্বাভাবিক মনে হলেও দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাবের কথা কেউ একবারের জন‍্যও ভাবেন কি? পুষ্টিবিজ্ঞানের দৃষ্টিতে যদি একটু ব‍্যাখা করি, আমাদের দেহের উচ্চতা, ওজন, শারীরিক অবস্থা, দিনে আমরা কতটুকু পরিশ্রম করি, জীবন‍যাপন এমনকি আমাদের লিঙ্গভেদেও ডায়েট চার্ট আলাদা, কখনোই এক রকম হবে না। একজন হয়তো ওজন কমানোর জন‍্য ডায়েট চার্ট নিয়েছেন, দেখা গেলো তার পিসিওএস আছে কিংবা ডায়বেটিস আছে, আপনার নেই, তাহলে আপনার জন‍্য তো সেই ডায়েট চার্ট ফলো করাটা যুক্তিসঙ্গত নয়। এহেন সমস‍্যা এড়াতে একজন ভালো, বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ ডায়েটিশিয়ানই পারে আপনার কাঙ্ক্ষিত ওজনে পৌছানোর জন‍্য আপনাকে সাহায‍্য করতে।

কথায় আছে স্বাস্থ‍্যই সকল সুখের মূল। অতএব, প্রিয় পাঠক, সোশ‍্যাল মিডিয়ার ভাইরাল ট্রেন্ড ফলো করার আগে একবারের জন‍্য হলেও ভেবে নিন আদৌও সেটি আপনার উপকার করবে কিনা, যদি করেও, তবে এই ক্ষনিকের উপকারের জন‍্য পরে যে দীর্ঘমেয়াদী ক্ষতি হবে, তার মাশুল দিতে আপনি প্রস্তুত আছেন কিনা?