Waist-to-Height Ratio (WHtR)

Waist-to-Height Ratio (WHtR) বা কোমরের পরিধি-উচ্চতা অনুপাত হলো দেহে চর্বির বণ্টন এবং বিশেষত পেটের চারপাশে জমে থাকা অতিরিক্ত চর্বিজনিত স্বাস্থ্যঝুঁকি মূল্যায়নের একটি সহজ, নির্ভরযোগ্য ও বৈজ্ঞানিক সূচক। এটি নির্ণয়ের জন্য কোমরের পরিধি (সেন্টিমিটারে) ব্যক্তির উচ্চতা (সেন্টিমিটারে) দ্বারা ভাগ করা হয়। উদাহরণস্বরূপ, কোনো ব্যক্তির কোমরের পরিধি যদি ৮২ সেন্টিমিটার এবং উচ্চতা ১৭০ সেন্টিমিটার হয়, তবে তার WHtR হবে ০.৪৮।

বর্তমান গবেষণায় দেখা গেছে,

Body Mass Index (BMI)-এর তুলনায় WHtR অনেক ক্ষেত্রে হৃদ্‌রোগ, টাইপ–২ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, মেটাবলিক সিনড্রোম এবং অকাল মৃত্যুর ঝুঁকি নির্ণয়ে অধিক কার্যকর। কারণ BMI কেবল দেহের মোট ওজন বিবেচনা করে, কিন্তু WHtR সরাসরি পেটের অতিরিক্ত চর্বির পরিমাণ সম্পর্কে ধারণা প্রদান করে, যা বিভিন্ন অসংক্রামক রোগের অন্যতম প্রধান ঝুঁকির কারণ।

সাধারণভাবে, WHtR ০.৫-এর কম থাকলে স্বাস্থ্যঝুঁকি তুলনামূলকভাবে কম বলে বিবেচিত হয়। ০.৫–০.৫৯ হলে ঝুঁকি বৃদ্ধি পেতে শুরু করে এবং ০.৬ বা তার বেশি হলে উচ্চ স্বাস্থ্যঝুঁকির ইঙ্গিত বহন করে। তাই জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি বহুল প্রচলিত পরামর্শ হলো – আপনার কোমরের পরিধি যেন আপনার উচ্চতার অর্ধেকের কম থাকে।

নিয়মিত শারীরিক ব্যায়াম, সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম এবং স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণের মাধ্যমে Waist-to-Height Ratio নিয়ন্ত্রণে রাখা সম্ভব, যা দীর্ঘমেয়াদে সুস্বাস্থ্য রক্ষা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।